সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জনসংযোগ ও প্রকাশনা দপ্তর’ এর অফিসিয়াল ফেসবুক পেজ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম নিজ সচিবালয়ে এ পেজের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, অর্থ ও হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মোঃ রুহুল আমিন, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ কাওছার হোসেন, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক খসরু মোহাম্মদ সালাহউদ্দিন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে সিকৃবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, প্রযুক্তিনির্ভর এই যুগে প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিতের মাধ্যমে সকলের কাছে তথ্যের প্রাপ্তি ও সহজলভ্যতা নিশ্চিত করতেই এই পেজ খোলা হয়েছে। যাতে সংশ্লিষ্টরা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় তথ্য খুব দ্রুত ও সহজে পেতে পারে এবং অন্যান্য মিথ্যা ও বানোয়াট তথ্যে যাতে বিভ্রান্ত না হয়। এখন সবার দায়িত্ব জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের অফিসিয়াল পেজটিতে ফলো দেওয়া। ফলোয়ার যত বাড়বে তত বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে। নির্দিষ্ট সংখ্যক ফলোয়ারে পৌঁছালে আমরা পেজটি ভেরিফায়েড করতে পারবো।
তিনি আরও বলেন, অফিসিয়াল পেজ না থাকলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশনের সুযোগ অন্যরা নিতে পারে। এই সুযোগ বন্ধ করার জন্য আমরা আজ জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজের উদ্বোধন করছি।