News
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম ’’এটিএফ প্রপোজাল রাইটিং আপ ফর সেকেন্ড রাউন্ড” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে বলেছেন, প্রতিযোগিতামূলক গবেষণা অনুদান অর্জনের জন্য সুপরিকল্পিত, ফলাফলভিত্তিক ও আন্তর্জাতিক মানসম্মত প্রস্তাব প্রণয়ন অত্যন্ত জরুরি। চূড়ান্ত সফলতার জন্য প্রয়োজন আরও পরিমার্জিত গবেষণা কাঠামো, স্পষ্ট লক্ষ্য-উদ্দেশ্য, বাস্তবসম্মত বাজেট পরিকল্পনা এবং টেকসই প্রভাব উপস্থাপন। এ ধরনের প্রশিক্ষণ গবেষকদের প্রস্তাব প্রণয়নে কৌশলগত সক্ষমতা বৃদ্ধি করবে এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুদান প্রাপ্তির হার বাড়াতে সহায়ক হবে।
ভিসি আরও বলেন, গবেষণালব্ধ জ্ঞানকে জাতীয় উন্নয়ন, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি ও প্রযুক্তিগত উদ্ভাবনের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। তিনি আয়োজকদের ধন্যবাদ জানান এবং অংশগ্রহণকারীদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তবে প্রয়োগ করে মানসম্পন্ন ও প্রতিযোগিতামূলক প্রপোজাল প্রণয়নের আহ্বান জানান।
১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সিকৃবি’র ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ’’এটিএফ প্রপোজাল রাইটিং আপ ফর সেকেন্ড রাউন্ড” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ আব্দুর রশিদ সরকার এর সঞ্চালনায় এবং পরিচালক প্রফেসর ড. এম. রাশেদ হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি’র রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌলা এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার। প্রশিক্ষণ কর্মসূচিতে “এটিএফ প্রপোজাল রাইটিং আপ ফর সেকেন্ড রাউন্ড” বিষয়ে কি নোট উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হিট প্রজেক্টের প্রকল্প পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান। দিন ব্যাপী প্রশিক্ষণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০ জন শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।