উচ্চশিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধনে স্নাতকোত্তর শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পোস্ট-গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের নতুন ডিন কার্যালয় উদ্বোধনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর (এমএস ও পিএইচডি) পর্যায়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমসমূহ আরও সুচারু গতিশীল, সমন্বিতভাবে পরিচালনা করা সম্ভব হবে।
বৃহস্পতিবার (২৫জুন) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিকৃবির ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম এসব কথা বলেন। তিনি আরও বলেন, একটি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে আধুনিক অবকাঠামো, দক্ষ প্রশাসনিক ব্যবস্থাপনা এবং গবেষকবান্ধব পরিবেশ নিশ্চিত করা অপরিহার্য। নতুন এই ডিন কার্যালয় শিক্ষার্থী, গবেষক ও শিক্ষকদের জন্য প্রয়োজনীয় একাডেমিক সেবা সহজতর করবে এবং গবেষণা কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে।
পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মুক্তার হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী,ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মো: শহীদুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, প্রক্টর প্রফেসর মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন, বিভিন্ন অনুষদীয় ডিন,দপ্তর প্রধান, বিভিন্ন কার্যালয়ের পরিচালক ছাড়াও বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ।